সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ই আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁও থানার নতুন ভবনের তৃতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি মো. আবদুল বারিক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সোনারগাঁও থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা নিতে কোনো টাকা লাগবে না। কেউ দালালি করতে এলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সেবাগ্রহীতাকে হয়রানি বা অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সোনারগাঁওয়ের শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি আবদুল বারিক।
মতবিনিময় সভায় সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়া ছাড়াও সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
