রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কালাই সবুজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। অভিযানের সময় কালাই সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে এজাজুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এজাজুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি রূপগঞ্জের ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, কালাই সবুজকে গ্রেপ্তারের জন্য পুলিশ গত প্রায় তিন মাস ধরে তাঁর অবস্থান সম্পর্কে নজরদারি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে,পরে তাঁদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version