নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার পাঁচ সংসদ সদস্য। শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ আশ্বাস দেন।

সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মানান বলেন, নারায়ণগঞ্জকে তিনি অন্য কোনো এলাকার মতো দেখেন না; বরং এই জেলার মানুষের সন্তান হিসেবেই নিজেকে ভাবেন। ব্যবসায়ীসহ জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় নারায়ণগঞ্জকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও মেট্রোপলিটন শহরে রূপ দেওয়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজধানীর খুব কাছাকাছি অবস্থান করেও নারায়ণগঞ্জ কেন পিছিয়ে থাকবে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, জেলার উন্নয়নে সংসদ সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী সমাজকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাদের সহযোগিতা পেলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, জেলার পাঁচ সংসদ সদস্য একসঙ্গে সমন্বয় করে কাজ করলে নারায়ণগঞ্জের অনেক সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও চাহিদা নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, অনেক শিল্পকারখানার মালিক চেম্বারের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। অথচ সবাইকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। চেম্বারের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ী সমাজের সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। সেই উন্নয়নযাত্রায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তারা।

সভায় ব্যবসায়ীরা জেলার শিল্প, বাণিজ্য, যোগাযোগ ও নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version