নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান সরকার কঠিন সময় পার করে দায়িত্বে এসেছে। এই সরকার ও সংসদকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

আজ শনিবার (২৯ই আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে এই সংসদ ও সরকারকে টিকে থাকতে হবে। টিকে থাকতে না পারলে কিন্তু আমাদের আগের যাত্রায় ফিরে যেতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিরোধী দলের নেতাদের বলব আসুন আমাদের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করি।

তিনি আরো বলেন, এটা ছয় মাসের সরকার। দেশের বিদ্যমান সমস্যাগুলো ৬মাসের সরকারের সৃষ্টি নয়। তবে এসব সমস্যা সমাধানের জন্য সরকারকে আরো সময় দিতে হবে।এখন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ভিন্নমত আছে তবে দেশের স্বার্থে আমরা সবাই এক।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version