সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে আষাঢ়িয়ার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে রউফ মিয়া গ্রুপের বাবুল, মফিজ, আবু সিদ্দিক, রফিক ও আবু আক্কাসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রউফ মিয়ার অভিযোগ হচ্ছে বুধবার দুপুরে তারা আষাঢ়িয়ার চর বিএনপির ক্লাবে বসে ছিলেন। এ সময় আব্দুল জলিলের নেতৃত্বে মনির, নুরজ্জামান, সবুর খান এবং ডালিমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্লাবে প্রবেশ করে। পরে তারা হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আব্দুল জলিলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version