নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ই আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব সামনে এই গণঅনশনের আয়োজন করা হয়।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফা ভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভাল হবেনা বলে হুশিয়ারি দেন বক্তারা।

এদিকে দুপুরের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তিনি বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো। আশাকরি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম , বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো.শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা।

Share.
Leave A Reply

Exit mobile version