নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ সড়ক ও দীর্ঘদিনের ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখেন। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফতুল্লার রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই অবরোধ কর্মসূচি চলে। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটছে। নিরাপদে সড়ক পারাপারের জন্য এলাকাবাসী বহুদিন ধরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।
সর্বশেষ রোববার দুপুরে একই স্থানে ট্রাকচাপায় আব্দুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসেন এবং ফুটওভার ব্রিজ নির্মাণসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন।
অবরোধের ফলে ঢাকা ও নারায়ণগঞ্জমুখী উভয় লেনেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অফিসফেরত যাত্রী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফুল আমিন সিকদার, এনসিপি মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম, যুব আহ্বায়ক নাজমুল হক, ছাত্রশক্তির রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ নিতে হবে।
স্থানীয়দের ভাষ্য, বারবার প্রাণহানির পরও যদি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না হয়, তাহলে এ ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
