নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকারদের স্থানান্তর করে নির্ধারিত স্থানে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ লক্ষ্যে ২ নম্বর রেলগেট থেকে উকিলপাড়া, গলাচিপা হয়ে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের পাশের এলাকায় বাঁশের বেষ্টনী নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও স্থানটি ব্যবহারের উপযোগী করার কাজও শুরু হয়েছে।

জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর ফুটপাতের হকারদের ওই এলাকায় পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রেললাইনের পাশের জায়গা পরিষ্কার ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে।

সরেজমিনে দেখা যায়, উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, এর আগে সেখান থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। তাদের ধারণা, এলাকাটি প্রস্তুত হওয়ার পর সেখানে ফুটপাতের হকারদের বসার ব্যবস্থা করা হবে।

তবে সম্ভাব্য পুনর্বাসনস্থল নিয়ে উদ্বেগও রয়েছে হকারদের মধ্যে। তাদের আশঙ্কা, রেললাইনের খুব কাছাকাছি ব্যবসা পরিচালনা করতে হলে ট্রেন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ক্রেতা কিংবা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন।

অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিরাপত্তা বিবেচনায় এবং অনিয়ন্ত্রিতভাবে রেললাইনের খুব কাছে অবস্থান ঠেকাতেই বাঁশের বেষ্টনী নির্মাণ করা হয়েছে। পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version