নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বয় জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘টাউন হল মিটিং’। বুধবার (২৯ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-১১, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহআওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও মাদকাসক্তি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বলেন, র্যাব অপরাধ দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জনগণের কাছ থেকে সঠিক তথ্য ও সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আলোচনা পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
