নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সংলগ্ন সড়কের শিরামোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রায়হান মিয়া (৩০), শাওন শেখ (১৯), রাব্বি মিয়া (১৫), বিজয় পাল (১৯), সূর্যদেব চন্দ্র পাল (১৫), ইমরান সাহা (১৭), রাজ সাহা (১৭), হৃদয় দেব (১৮), আবির হাসান (১৮), শাহরিয়ার হাসান (২৫), ইমন মিয়া (২২) ও মোবারক হোসেন (১৯)। তাদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের বাইরে নরসিংদী, মুন্সীগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
সোনারগাঁ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
