স্টাফ রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহসভাপতি জাহিদ আল আমিন বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এক প্রতিবাদ বার্তায় তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খোরশেদ বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব যেন হত্যাকাণ্ডের তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করতে হবে।
বুলবুল হত্যার ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
