সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষ বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্মুক্ত জলাশয় সংরক্ষণের অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের একটি মৎস্য খামারে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।
বক্তব্যে মামুন মাহমুদ বলেন, বিএনপি বিরোধী দলে থাকা অবস্থাতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জনকল্যাণমূলক দায়িত্ব পালন করেছে। সরকারে আসার পরও পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে আমাদের এই গঠনমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর ও ইকবাল হোসেন। তাছাড়া জেলা, থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী-অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
