রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়ক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে রূপগঞ্জের ৩০০ ফিট ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটকদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
