সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল ডিপোর কর্মকর্তাদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতিমাসে ২লক্ষ চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার পর ফয়সালকে (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিপোর কর্মকর্তারা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেফতারকৃত ওই ব্যক্তি কর্মকর্তাদের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, দুপুরে চাঁদাবাজির মামলায় এক আসামিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
