নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড় করাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটি কার্যকর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
