নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি জমা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাহমান কবীর। আবেদনকারীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মতামত ও আইনগত দিক বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আবেদনকারীদের লিখিতভাবে বিষয়টির অগ্রগতি জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গোগনগর ইউনিয়ন ভৌগোলিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খুবই নিকটবর্তী। জেলা প্রশাসনিক ভবন থেকে ইউনিয়নটির দূরত্ব প্রায় এক কিলোমিটার। এছাড়া এলাকাটিতে গত কয়েক বছরে শিল্পায়ন, আবাসন প্রকল্প এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে জনসংখ্যা ও নাগরিক সুবিধার চাহিদাও আগের তুলনায় অনেক বেড়েছে।
আবেদনকারীদের দাবি, গোগনগর ইউনিয়নে বর্তমানে বেশ কয়েকটি শিল্পকারখানা, বিশেষ করে সিমেন্ট ও তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে। একই সঙ্গে দ্রুত নগরায়ণের কারণে বহুতল ভবন নির্মাণ এবং নতুন আবাসিক এলাকা সম্প্রসারণ অব্যাহত রয়েছে। কিন্তু এই পরিবর্তনের তুলনায় নাগরিক অবকাঠামো ও সেবার উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় আধুনিক সড়কব্যবস্থা, উন্নত ড্রেনেজ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, পর্যাপ্ত স্ট্রিট লাইট এবং অন্যান্য মৌলিক নাগরিক সেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাদের বিশ্বাস, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলে এসব সেবা আরও সমন্বিত ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার মানও বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে ইতোমধ্যে সংযুক্ত অনেক এলাকার তুলনায় গোগনগর ইউনিয়নের অবস্থান আরও নিকটবর্তী। তাই প্রশাসনিক সুবিধা, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মান বিবেচনায় গোগনগরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা রয়েছে বলে আবেদনকারীরা মনে করেন।
স্থানীয়দের ভাষ্য, দ্রুত নগরায়ণের ফলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক নগর ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সিটি কর্পোরেশনের আওতায় এলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে এবং এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনা সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন সিকদার, সাবেক সদস্য মো. আব্দুল মোতালিব, ব্যাংক কর্মকর্তা সেলিম রেজা, গোগনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল লতিফ সিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনটি সংশ্লিষ্ট নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
