স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়কটি সওজ-এর আওতাধীন একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী প্রকল্প এবং এই প্রকল্প সংস্কার কাজে গড়িমসি করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সওজ-এর নির্বাহী প্রকৌশলীকে এই চিঠি পাঠানো হয়।
এমপি আবুল কালাম তার চিঠিতে জনস্বার্থ বিবেচনা করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করার জন্য কঠোর নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান। পাশাপশি, ঠিকাদার যদি চুক্তি অনুযায়ী কাজ শুরু না করে, তবে তার বিরুদ্ধে চুক্তির শর্তানুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।
তিনি আরো দাবি করেন, সড়কটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন এবং নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
