দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। জেলা প্রশাসনের অনুমতি এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠানটিকে সংস্কার করে শুটিংসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব দীর্ঘদিন ধরে জেলার অন্যতম ঐতিহ্যবাহী শুটিং ও ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এটি শুটিং প্রশিক্ষণ ও ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে। তবে গত কয়েক বছর ধরে ক্লাবটির কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মো. রায়হান কবিরের অনুমতিক্রমে ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের কাজ শুরু করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে ধাপে ধাপে শুটিং কার্যক্রম পুনরায় চালু করা হবে।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক শুটার এম এ সাত্তার ভুট্টু বলেন, জেলা প্রশাসক আমাদের ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের ব্যবহৃত অংশ বাদ দিয়ে বাকি জায়গা সংস্কার করে আগের মতো ক্রীড়া কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “রাইফেল ক্লাব একটি ক্রীড়া প্রতিষ্ঠান। এখানে শুটিংসহ বিভিন্ন ক্রীড়াচর্চা হয়। আমরা চাই ক্লাবটি আবারও আগের ঐতিহ্য ফিরে পাক এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখুক।”
তিনি আরও জানান, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সদস্যপদ বজায় রাখতে ক্লাবটির নিয়মিত কার্যক্রম চালু রাখা প্রয়োজন। সেই লক্ষ্যেই সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন।
সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় সংস্কার শেষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব আবারও জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে এবং শুটিং খেলায় নতুন প্রতিভা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
