নারায়ণগঞ্জকে রাজধানীর আধুনিক গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে মেট্রোরেল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি জানান, এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) লেটার পাঠানো হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জকে ‘মেট্রোসিটি’ হিসেবে ঘোষণার দাবিও জানানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এমপি দিপু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের মানুষ মেট্রোরেলের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বর্তমান পরিকল্পনায় জেলার নাম না থাকায় বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। মেট্রোরেল চালু হলে যাতায়াতের সময় কমবে, যানজট কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাই নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনা সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে এমপি দিপু আরও জানান, নারায়ণগঞ্জকে ‘মেট্রোসিটি’ ঘোষণা করা হলে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের মর্যাদা পেলে জেলায় প্রায় ৭০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা নগরীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, নিরাপদ ও আধুনিক নগর গড়ে তুলতে শহরজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ওয়ারেন্টভুক্ত আসামি বা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া সম্ভব হবে। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমপি দিপু বলেন, দেশের শিল্প ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জ এখনো অবকাঠামো ও প্রশাসনিক সুবিধার দিক থেকে কাঙ্ক্ষিত গুরুত্ব পায়নি। এ কারণে জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে একাধিক উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি জানান, শহরের ঐতিহাসিক জিয়া হলের স্থানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে, যাতে জেলার মানুষকে চিকিৎসার জন্য ঢাকার ওপর অতিরিক্ত নির্ভর করতে না হয়।
তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা দক্ষতা উন্নয়ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এই প্রতিষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান এমপি।
এছাড়া দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা নতুন আদালত ভবন দ্রুত চালুর দাবিও জানান তিনি। তার মতে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ব্যবহার না হওয়ায় সরকারি সম্পদের অপচয় হচ্ছে। প্রয়োজনে ভাড়াকৃত সরকারি দপ্তরগুলো ওই ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় বাজেট নিয়েও মন্তব্য করেন এমপি দিপু। তিনি বলেন, বর্তমান বাজেটে খাদ্যপণ্যের ওপর কর কমানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, দীর্ঘমেয়াদি শিল্পঋণ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কৃষিঋণের সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
