স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু রায়হান কবির ফাহিম (৩০)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের নবীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (২৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফাহিম বন্দরের জসিম উদ্দিন কাবিরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বন্দরের খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ফাহিমও অংশ নিয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বন্দর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাহিমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলন চলাকালে সংঘটিত হামলা, নাশকতা ও জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। এসব মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানও চলমান আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
