নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও সড়ক নিরাপত্তা সংকট মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং দিনের ব্যস্ত সময়ে শহরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক এক সেমিনারে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি করপোরেশন, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জানান, চাষাড়ায় অবৈধভাবে বাস, সিএনজি ও অটোরিকশা পার্কিং বন্ধ করতে হবে। একই সঙ্গে নগরীর বিভিন্ন সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, ভ্যান-রিকশার স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
দিনে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ
যানজট কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো শহরের ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ নিয়ন্ত্রণ। জেলা প্রশাসক জানান, দিনের ব্যস্ত সময়ে এসব ভারী যানবাহন শহরে চলাচল করতে পারবে না।
সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের সুযোগ থাকবে। একই সময়ের মধ্যে পণ্য ওঠানো-নামানোর কাজও শেষ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে পণ্য লোড-আনলোড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে দিনের ব্যস্ত সময়ে শহরের প্রধান সড়কগুলোতে ভারী যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চাষাড়া ও আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে এর প্রভাব পড়তে পারে।
চাষাড়া থেকে পঞ্চবটি সড়ক মেরামতের উদ্যোগ
শহরের যানজটের অন্যতম কারণ হিসেবে সড়কের বেহাল অবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি দীর্ঘমেয়াদে যানজট কমাতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে এসব টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সভায় জেলা প্রশাসক আরও বলেন, যানজট নিরসনের স্বার্থে অধ্যাপক মামুন মাহমুদ ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একমত হলে জেলা পরিষদ ও সিটি করপোরেশন থেকে দেওয়া কিছু লিজ বাতিল করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ নাগরিক—সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নগরবাসীর প্রত্যাশা, সিদ্ধান্তগুলো শুধু সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা হবে। বিশেষ করে অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং নির্ধারিত সময়ে ভারী যানবাহন চলাচল নিশ্চিত করা গেলে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।
